সিরাজগঞ্জে ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টাকালে আলামিন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার ইছামতি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আলামিন ওই গ্রামের আবু বক্করের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মানসিক ভারসাম্যহীন যুবক আলামিন ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীর গভীর পানিতে তিনি তলিয়ে যান।
পরে ৯৯৯ ফোনের মাধ্যমে বিষয়টি সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করা হলে, আমরা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিস টিম নৌকার মাধ্যমে জেলেদের জাল দ্বারা সার্চ অভিযান চালায়। সেই সঙ্গে রাজশাহী থেকে ডুবুরি দল কে খবর দেওয়া হয়।
বিকেল সাড়ে চারটার দিকে ডুবুরি টিম ঘটনাস্থলে এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে সন্ধ্যার পর আলো কম থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
তিনি আরো বলেন, আগামীকাল শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


