ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে সমাবেশ করেছে গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক-কর্মচারীরা। ১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
২ অক্টোবর (শুক্রবার) বিকেলে গাজীপুর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন হলে ‘গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ’-এর ব্যানারে এক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে এসব কথা বলেন নেতারা।
সমাবেশে গাজীপুরের বিভিন্ন এলাকার কয়েক শ শ্রমিক অংশ নেন। পরবর্তীতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে শ্রমিক নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানান। তাদের প্রধান দাবি, শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা।
সভায় প্রধান আলোচক ছিলেন পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল। তিনি বলেন, “শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি বাস্তবায়নে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে কঠোর আন্দোলনে যাবো।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, “শ্রমিকদের অধিকার আদায় এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ফেডারেশনগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার চেষ্টা করবো; দাবি মেনে না নিলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।”
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের সদস্য সচিব ও বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এইচটিএম বিল্লাল, মেহনতি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জান্নাত ফাতেমা এবং সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
পড়ুন : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পর্নোগ্রাফির মামলায় এক যুবক গ্রেপ্তার


