ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘১০০তে ১০০ বিশেষ অভিযান’ পরিচালনা করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ বারিধারা জে ব্লক এলাকায় বিশেষ মশকনিধন ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
অভিযানের সময় বিভিন্ন বাড়ি, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে দেখা হয়। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ এবং ভবিষ্যতে যাতে পানি জমতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নাগরিকদের বাড়ির ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজনন রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, এডিস মশার বংশবিস্তার রোধে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এডিস মশা যেন জন্মাতে না পারে—কোথাও পানি জমতে দেবেন না।
পড়ুন : প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি


