চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জাহাজভাঙা শিল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ ৩ অক্টোবর ২০২৬, শনিবার দিনব্যাপী সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প এলাকা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে জাহাজভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, মশার লার্ভা নিধন এবং শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সাথে সংশ্লিষ্ট জাহাজভাঙা শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি, ব্যবসায়ী, শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে অভিযানে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা প্রশাসন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল বশর, মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম কলি, উপজেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ মোহাম্মদ জাফর আলম ও মোহাম্মদ শহিদুল আলম পাপ্পু, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে জাহাজভাঙা শিল্প এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
পড়ুন : মক্কা ও মদিনার মসজিদে নববীতে হুতিদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
সা/


