গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ সময় ভবনে আটকে পড়া ৬৯ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়।
শনিবার (৩ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজারের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় কাশিমপুর ও রাজেন্দ্রপুর স্টেশন থেকে আরও ৪টি ইউনিট অগ্নিনির্বাপণে যোগ দেয়। অবশেষে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কারখানায় আটকা পড়েন ৬৯ জন কর্মী। ফায়ার সার্ভিস তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করে। তবে আগুনের ধোঁয়ায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে পাঠান।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ জানান, বেলা ২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইউনিটগুলো পাঠানো হয়। বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার পর আরও ইউনিট যুক্ত করা হয়। ৩ ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আটকে পড়া ৬৯ জন শ্রমিককে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ


