প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করার আহ্বান সমাজকল্যাণ সচিবের

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেছেন, প্রতিবন্ধীরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ভিন্ন দৃষ্টিতে না দেখে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সচিব প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য পরিচালিত বিভিন্ন সেবা কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। এসব সেবা আরও বিস্তৃত করা প্রয়োজন। জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও প্রতিবন্ধীদের জন্য সেবাগুলো ছড়িয়ে দেওয়া গেলে তারা আরও বেশি উপকৃত হবে।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ নিশ্চিত করা গেলে তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এ জন্য তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

পরিদর্শনের সময় সচিব খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ ছাড়া তিনি ভ্রাম্যমাণ ফিজিওথেরাপি কার্যক্রম এবং প্রান্তিক শিল্প প্রদর্শনী ও বিপণন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার, উপপরিচালক খান মোতাহার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হোসেনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান ‘বিএন আশার আলো স্কুল’ পরিদর্শন করেন। সেখানে তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়ক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন