২৫২ টাকা বাড়িয়ে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৩৭ টাকা। বাজারে এমনিতেই পাওয়া যাচ্ছে না সিলিন্ডার। তারমধ্যে আজ নতুন দাম নির্ধারণ করা হলো।
আজ রবিবার পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
এর আগে বিদায়ী সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাজারে যখন এলপিজির সংকট তীব্র, একই সঙ্গে বাড়তি দামে বিক্রির অভিযোগ—তখন অনেকেই বলছিলেন, সংকটটি কৃত্রিম। দাম বাড়ানো হলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলেও কেউ কেউ দাবি করছিলেন। এমন পরিস্থিতিতে দাম বাড়ানোর ঘোষণা এলো।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, জাহাজ ভাড়া এবং পরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।
প্রসঙ্গত, নতুন দাম ঘোষণার আগের দুই সপ্তাহে বাজারে এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগ ওঠে। তবে ব্যবসায়ীরা সংকটের কথা অস্বীকার করে আসছিলেন।
এর মধ্যে সেপ্টেম্বর মাসে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি সিলিন্ডার বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যায়।
এখন দাম বাড়ানোর পর বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয় কিনা, সেটিই দেখার বিষয়।
পড়ুন : কৃত্রিম সংকট! আড়াই হাজারে মেলে উধাও সিলিন্ডার; বাজারে কী চলছে?


