ঢাকার ধামরাই পৌর শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মশা নিধনে পৌর প্রশাসনের দৃশ্যমান কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত পৌরকরসহ বিভিন্ন ধরনের কর পরিশোধ করলেও নাগরিক সেবার অংশ হিসেবে মশা নিধনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ডেঙ্গুর মৌসুমে নিয়মিত ফগার মেশিন দিয়ে মশা নিধনের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার ও লার্ভা ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
বাসিন্দারা জানান, পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রব বেড়েছে। এতে শিশু ও বয়স্কদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত মশা নিধন কার্যক্রম শুরু না হলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে।
তাদের দাবি, ধামরাই পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকায় দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদার করা হোক। নিয়মিত ফগিংয়ের পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ধ্বংসে অভিযান চালানোরও দাবি জানিয়েছেন তারা।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমিদুল হক তিতাস জানান, গত মাসে এখন পর্যন্ত ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু রয়েছে।
তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের এনএস-১, আইজিজি ও আইজিএম পরীক্ষা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। প্রয়োজনীয় স্যালাইনও মজুত রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার দাবি জানিয়েছেন পৌর শহরের বাসিন্দারা।
পড়ুন: নতুন পথে প্রীতম ও শেহতাজ, শেষ হচ্ছে দাম্পত্য সম্পর্ক
ইমি


