রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকাশ নামে ওই ব্যক্তিকে মাগুরা জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে একই ঘটনায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, ২ হাজার টাকার মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দিয়েছেন আদালত। আগামী ২৮ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। মামলায় তিনি ৪ নম্বর আসামি।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ক্যান্টনমেন্ট থানায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।
ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে। রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। হামলাকারীরা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। ওই রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া পরদিন ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ঘটনার পর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমি মালিকদের মধ্যে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউগিনি প্রোপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি।
গ্রেপ্তার অন্যরা হলেন—শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। এর মধ্যে শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তাকে ওইদিন ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পড়ুন : সারা দেশে সৌরবিদ্যুতে বড় পরিকল্পনা সরকারের
সা/


