লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির ও লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারীদের মারধরে অ্যাডভোকেট হুমায়ুন কবির আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের নবাবেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
অ্যাডভোকেট হুমায়ুন কবিরের দাবি, তাদের পৈতৃক জায়গা-জমি নিয়ে অপর পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার দুপুরে তিনি আদালত চত্বরে অবস্থানকালে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, একটি ভেকু মেশিন নিয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন লোক তাদের বাড়িতে এসেছে। তারা বাড়ি ভাঙচুরের চেষ্টা করছে জানতে পেরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে তাদের বাধা দেন।
হুমায়ুন কবির বলেন, আমি বাধা দিলে তারা সবাই মিলে আমাকে এলোপাতাড়ি মারধর করে। পরে নিরুপায় হয়ে ট্রিপল নাইনে ফোন করি। আমার বাসা থেকে সদর থানা প্রায় এক কিলোমিটার দূরে হলেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। বর্তমানে আমি অসুস্থ। হাসপাতালে ভর্তি হব এবং এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেব।
পুলিশের পক্ষ থেকে ঘটনাটি পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধ হিসেবে উল্লেখ করা হলেও হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, বিষয়টি আমি জানি। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তিনি ট্রিপল নাইনে ফোন করেছিলেন। যতটুকু জানতে পেরেছি, বিষয়টি পারিবারিক বিরোধ। দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে জমি দখল করে রাখার অভিযোগ রয়েছে। এ বিষয়ে এর আগেও থানায় অভিযোগ দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।
পড়ুন : নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু


