বিশ্ব শিক্ষক দিবসে নিজের শৈশব, শিক্ষকতা জীবনের স্মৃতি এবং শিক্ষকদের প্রতি পরম শ্রদ্ধার কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মরিয়ম নেছা। তার লেখা সেই স্মৃতিচারণমূলক পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে
নিজের টাইমলাইনে সহকারী শিক্ষিকা হিসেবে ফেলে আসা দিনগুলোর স্মৃতি এবং ২০১৭ সালের হাতে লেখা একটি ক্লাস রুটিনের ছবি শেয়ার করে তিনি লেখেন
“স্যারের কোলে বসে অংক শেখার আবদার, কখনো কড়া শাসন আবার কখনো মাথায় হাত বুলিয়ে পাগলামি করিস কেন…? সাথে ছোটবেলা থেকেই মাকে দেখে শিক্ষক হওয়ার স্বপ্নই শিক্ষকতা পেশায় প্রথম কর্মজীবন। আজও গর্ববোধ করি শিক্ষক ছিলাম। স্যাঁতস্যাঁতে দেয়ালে টাঙ্গানো উপকরণগুলোতে শো অফ কম থাকলেও আন্তরিকতার ঘাটতি ছিল না কখনোই।
একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন মরিয়ম নেছা। পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) পদে উন্নীত হন। বর্তমানে শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও, নিজের ভেতরে এখনো সেই ‘শিক্ষকের আত্মবোধ’ বাঁচিয়ে রেখেছেন বলে প্রকাশ করেছেন তিনি।
পোস্টে তিনি আরও যুক্ত করেন
“নিজ হাতে লেখা রুটিন-২০১৭ সাল, সেখানেও ছিল সংগীত, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলার সাথে বিতর্ক প্রতিযোগিতার মত বিষয়। মজার মজার সব বিষয় নিয়ে হতো সেই প্রতিযোগিতা। আহা! কত না মধুর স্মৃতি… তাই তো… হাসতে হাসতেই মেনে নেই, শিক্ষকতার গন্ধ আজও আমার শরীরে। শিক্ষকদের পরম মমতায় বেড়ে ওঠার দিনগুলো ফিরে আসুক প্রতিটি শিশুর জীবনে কোন রকম অশনিসংকেত ছাড়াই… বিশ্ব শিক্ষক দিবসে, বিনম্র শ্রদ্ধা আমার শিক্ষাগুরুসহ সকল শিক্ষকদের প্রতি।
পোস্টটি প্রকাশের পর থেকেই স্থানীয় শিক্ষক সমাজ, সহকর্মী এবং সাধারণ নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই কর্মকর্তা। একজন সরকারি শিক্ষা কর্মকর্তা হয়েও শিক্ষকদের প্রতি তার এমন আন্তরিক শ্রদ্ধা এবং সাধারণ শিক্ষক হিসেবে অতীত জীবনের অভিজ্ঞতাকে গর্বের সঙ্গে তুলে ধরাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন সবাই।
নেটিজেনদের মতে, শিক্ষকতার এই মমত্ববোধ ও আন্তরিকতা যদি প্রতিটি শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক কাজে বজায় থাকে, তবে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে।
পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ


