মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
র্যালি শেষে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরোজ সেলিম চৌধুরী মিনু, খোরশেদ আলম মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, অভিভাবক সদস্য মো. সালাউদ্দিন, শিক্ষক আ.স.ম. আব্দুল মালেক, প্রাক্তন শিক্ষার্থী নুরুল আবছার, ফিরোজুল আলম, শামসুল আরেফিন, সালামত উল্লাহ, মো. ইকবাল হোসেন, মো. ওসমান আলী, সোহেল রানা রাজু, বোরহান উদ্দিন সাইফুলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন : পিরোজপুরে সেবাশ্রমে গ্রিল কেটে চুরি, পূজার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ


