শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে শতভাগ নিরপেক্ষ করা হবে। এতে কোনো দলীয়করণ থাকবে না এবং শিক্ষকরাও শিক্ষাঙ্গনে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না।
আজ সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর ও জাতির মেরুদণ্ড। বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করার ফলে তা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছে।
একইদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসনের সামনের সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল খালেক। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহা. শাহনুর জামান।
অন্যান্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, সংবর্ধিত শিক্ষক নূর জাহান বেগম, পোড়াদিয়া কারিগরি মহাবিদ্যালয়ের সাবেক প্রভাষক মোমেনুল হক ভূঁইয়া এবং বিয়াম জিলা স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলিফ শারমিন আলোচনায় অংশ নেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
পড়ুন : সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা


