চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর কথিত পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে বসতঘরের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগও করেছেন প্রবাসফেরত স্বামী বিকাশ চৌধুরী।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা বিকাশ চৌধুরী। এ সময় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে বিকাশ চৌধুরী জানান, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার প্রমা চৌধুরীর সঙ্গে ধর্মীয় রীতিতে তাঁর বিয়ে হয়। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর প্রতিবেশী অশোক দাশের সঙ্গে তাঁর স্ত্রীর কথিত পরকীয়ার বিষয়টি তিনি জানতে পারেন বলে দাবি করেন। বিষয়টি জানার পর পারিবারিক নিরাপত্তার স্বার্থে প্রায় ছয় মাস আগে স্ত্রীকে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওই সময় প্রমা চৌধুরী সঙ্গে করে ১ ভরি ১ আনা স্বর্ণ নিয়ে যান বলেও জানান তিনি। এরপর থেকে স্ত্রী তাঁর ও পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ করেন বিকাশ।
বিকাশ চৌধুরী আরও অভিযোগ করেন, ওই সম্পর্কের কারণে তাঁর সংসারে বিরোধ সৃষ্টি হয়েছে। একই ঘটনায় অশোক দাশের পরিবারেও বিরোধ দেখা দেয় বলে দাবি তাঁর। চলতি বছরের ২০ মার্চ অশোক দাশের স্ত্রী রিখা বৈদ্য ও বোন পম্পী দাশ প্রমার শ্বশুরবাড়িতে গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে অশোকের পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে পটিয়া থানায় অভিযোগ করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিকাশ চৌধুরী অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর প্রমা চৌধুরী ও অশোক দাশ তাঁর বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার পাশাপাশি জোরপূর্বক ঘর দখলের চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এসব ঘটনার প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
বিকাশ চৌধুরী অভিযোগের সুষ্ঠু তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিকাশ চৌধুরীর বাবা বিশ্ব চৌধুরী, ভাই আশিষ চৌধুরী ও আশিষের স্ত্রী সুমি চৌধুরী উপস্থিত ছিলেন।
পড়ুন:দিনাজপুরে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সনদপত্র বিতরণ ও সঙ্গীতানুষ্ঠান
ইমি/


