বরগুনার সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৭ অক্টোবর) বরগুনা-বেতাগী সড়কের সোনারবাংলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো সংবলিত একটি প্রাইভেটকার গৌরীচন্না এলাকা থেকে বরগুনা শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাওহিদুল ইসলামের মৃত্যু হয় এবং অন্য দুই যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে বাবলু নামের একজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন : ময়মনসিংহে হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদন্ড, ১০ জনের যাবজ্জীবন


