‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বরগুনায়ও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জনের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং বরগুনার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুণাভ চৌধুরী, ব্র্যাক জেলা সমন্বয়ক তুহিন আলম, ইসলামি চক্ষু হাসপাতালের পরিচালক মো. আবু জাফর, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাজ্জাক শেখ, আল্লাহ মালিক হসপিটালের চেয়ারম্যান মাওলানা মো. হাসান, দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী, বাংলানিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী এবং ঢাকা মেইলের বরগুনা জেলা প্রতিনিধি অলিউল্লাহ্ ইমরানসহ অনেকে।
পরে টাউনহলে ইসলামি চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ৫০ জন রোগীর ছানি অপারেশনের আয়োজন করা হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক তুহিন আলম বলেন, চোখের সুস্থতা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুণাভ চৌধুরী বলেন, সময়মতো চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিলে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। সবাইকে নিয়মিত চোখের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানাই।
পড়ুন: কম আয় ও বেকারত্বে অটোরিকশায় ভিড়, বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ভোগ
আর/


