বাসের ভাড়া দেওয়া-নেওয়া নিয়ে কাটাকাটির জেরে জয়পুরহাটের পাঁচবিবিতে এক বাস কন্ডাক্টরকে মারধর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের ভীমপুর এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ, স্থানীয় ও পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলিগামী ‘মায়ের দোয়া’ পরিবহনের লোকাল বাসে এক যাত্রীর কাছে ৫০ টাকা ভাড়া চান কন্ডাক্টর মামুন। ওই যাত্রী ৩০ টাকা দিতে চাইলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে বাসের যাত্রী গোপনে খবর দিলে ভীমপুর এলাকায় ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল বাসে অতর্কিত হামলা চালিয়ে কন্ডাক্টর মামুনকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় পরিবহন শ্রমিকরা আটাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ভীমপুরে রাস্তায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মর্ত্তুজা শিপলু জানান, কন্ডাক্টরের ওপর হামলার ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার না পেলে তারা মামলার প্রস্তুতি নেবেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের আশ্বস্ত করার পর ব্যারিকেড সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
পড়ুন : রাজধানীর যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২


