গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকার উত্তরায় শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না দাসও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নিহত স্বপন দাস শ্রীপুর পৌর বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত নরেন্দ্র দাসের ছেলে।
পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির পাশে বাঁশ কাটতে যান স্বপন দাস। এ সময় ভীমরুলের চাক ভেঙে গেলে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে স্বপন দাস, তাঁর স্ত্রী রত্না দাস ও ভাগনে সজীব দাসসহ আশপাশে থাকা কয়েকজন ভীমরুলের কামড়ের শিকার হন।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বপন দাস ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের ঢাকার উত্তরার শিন শিন জাপান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে স্বপন দাসের মৃত্যু হয়।
স্বপন দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ভাতিজা কৃষ্ণ বাসফোর। তিনি জানান, ভীমরুলের কামড়ে স্বপন দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর স্ত্রী রত্না দাস বর্তমানে আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
পড়ুন : চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ


