শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা স্থাপন এবং পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের কথা জানিয়েছে থানা-পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় আখাউড়া থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আখাউড়া থানা-পুলিশের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল ও সাধারণ সম্পাদক জুটন বনিক প্রমুখ। সভা সঞ্চালনা করেন আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জাহিদ।
সভাপতির বক্তব্যে ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরাও থাকবে।
তিনি পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
পড়ুন : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটেছে স্ত্রী, অভিযুক্তকে আটক করেছে পুলিশ


