দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র ও ঐতিহাসিক জনপদ বৃহত্তর দোহাজারীকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন স্থানীয়রা। দাবি আদায় না হলে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ‘বৃহত্তর দোহাজারীর সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে দোহাজারীসহ আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রখর রোদ উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন হাতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এতে যোগ দেন। এ সময় পুরো এলাকায় ব্যাপক জনসমাগম সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন আন্দোলনের আয়োজক ও স্থানীয় প্রতিনিধিরা। তারা বলেন, বৃহত্তর দোহাজারী ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও বাণিজ্যিক গুরুত্বের দিক থেকে উপজেলা হওয়ার যোগ্যতা রাখে। অথচ দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, দোহাজারীকে ‘দোহাজারী সাঙ্গু উপজেলা’ হিসেবে বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। এ দাবির পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ না দেখা গেলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
মানববন্ধন থেকে পর্যায়ক্রমে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি, কালো পতাকা মিছিল, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ, দোহাজারী-কক্সবাজার রেলপথ অবরোধ এবং সর্বশেষ আমরণ অনশন কর্মসূচি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দোহাজারীকে উপজেলা ঘোষণার উদ্যোগ নেওয়া না হলে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়ার কর্মসূচিও দেওয়া হবে বলে জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, বৃহত্তর দোহাজারীকে উপজেলা হিসেবে বাস্তবায়ন করা হলে প্রশাসনিক সেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছাবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান আন্দোলনকারীরা।
পড়ুন : পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটেছে স্ত্রী, অভিযুক্তকে আটক করেছে পুলিশ


