প্রবাসের মাটিতে দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাবনার সন্তান শাহিনুর রহমান শাহীন। সুইজারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের একমাত্র দাবি, প্রিয়জনের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ মাটিতে শেষ বিদায় জানানো যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান শাহীন পাবনার দ্বীপচর লাওদারা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছোট ভাই। তিনি দীর্ঘদিন ইতালিতে বসবাস করার পর পরবর্তীতে সুইজারল্যান্ডে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শাহীন দীর্ঘদিন ধরে জটিল ব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সুইজারল্যান্ডের ‘ইউনিভার্সিটি হসপিটাল জুরিখ’ (USZ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুইজারল্যান্ডের স্থানীয় সময় দুপুর ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বদেশ থেকে হাজার মাইল দূরে প্রিয়জনকে হারিয়ে দিশেহারা পরিবার এখন তাঁর মরদেহের অপেক্ষায় প্রহর গুনছে। শেষবারের মতো একটু দেখা আর নিজ গ্রামের মাটিতে দাফন করার আকুল আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন শোকাহত স্বজনেরা।
এ অবস্থায় প্রবাসে মৃত্যুবরণকারী শাহিনুর রহমান শাহীনের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জরুরি ব্যবস্থা নিতে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সুইজারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ ও মানবিক সহযোগিতা চেয়েছে পরিবার।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর স্বজন ও এলাকাবাসী মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি তাওফিক দেওয়ার জন্য মোনাজাত করেছেন।
পড়ুন : নেত্রকোনায় চায়না দুয়ারি ধ্বংস, বিলে পোনামাছ অবমুক্ত


