বিক্ষোভে আটক ইমরান খান, মুক্তির পরও ভোগান্তিতে অভিনেতা

মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর মুক্তি পেলেও ভোগান্তিতে পড়তে হয়েছে বলিউড অভিনেতা ইমরান খানকে। তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটনের অভিযোগ, মুক্তির পর বাড়ি ফেরার জন্য গাড়ি ডাকতে বাধা দেয় পুলিশ। শেষ পর্যন্ত হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে একটি বিক্ষোভে অংশ নিতে গিয়ে আটক হন ইমরান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জয়ন মেরি খান।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করেন লেখা ও জয়ন। পুলিশের ভ্যানের ভেতর থেকে তোলা একটি ছবি পোস্ট করে জয়ন লেখেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’। ছবিতে তাঁর সঙ্গে ইমরান ও লেখাকেও দেখা যায়।

অন্যদিকে, ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে লেখা অভিযোগ করেন, পুলিশ তাঁদের বাড়ি ফিরতে দিচ্ছে না। এমনকি বাড়ি যাওয়ার জন্য গাড়ি বা অন্য কোনো যানবাহন ব্যবহারের সুযোগও দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। এ কারণে তাঁদের হেঁটেই বাড়ির পথে যেতে হচ্ছে। তবে আরেকটি ভিডিওতে লেখা জানান, তাঁরা সবাই নিরাপদে আছেন এবং বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন।

আটকের পর পুলিশের ভ্যানের ভেতরে ইমরানের সঙ্গে কথোপকথনের একটি ভিডিওও প্রকাশ করেন জয়ন। সেখানে তিনি অভিনেতাকে প্রশ্ন করেন, এর আগে কখনো জেলে গিয়েছেন কি না। জবাবে মুচকি হাসেন ইমরান। চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, এবার হয়তো সেই অভিজ্ঞতাও হয়ে যেতে পারে।

বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানান, কোনো নির্দিষ্ট দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের একজন নাগরিক হিসেবে নিজের অবস্থান থেকেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শহরে মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং মানুষের কণ্ঠস্বর কেন দমিয়ে রাখা হচ্ছে, তা বোঝার জন্যই সেখানে গিয়েছিলেন বলে জানান তিনি। কোনো সংগঠনের সদস্য হিসেবে নয়, ব্যক্তিগত অবস্থান থেকেই বিক্ষোভে যোগ দেন বলেও উল্লেখ করেন অভিনেতা।

এদিকে, আগস্ট ক্রান্তি ময়দানে পুলিশের অভিযানে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিসের (সিজেপি) ডাকে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, কর্মসূচির জন্য আগাম অনুমতি চাওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিক্ষোভের অনুমোদিত স্থান আজাদ ময়দান। সে কারণে আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

তবে সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ইমেইলের মাধ্যমে মুম্বাই পুলিশের কাছে বিক্ষোভের অনুমতি চেয়েছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি তাঁরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

পড়ুন : কে এই নেহা বোরা? মুক্তি দিতে বাধ্য হলো ভারত সরকার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন