ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের পরদিন এক নারী সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। রবিবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ।
নিহত নারীর নাম পদ্দারানি মাঝি (৪৮)। তিনি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চর খুলশী গ্রামের দয়াল মাঝির স্ত্রী।
প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, পদ্দারানি মাঝি একজন পেশাদার সবজি বিক্রেতা ছিলেন। তিনি বিভিন্ন এলাকা থেকে সবজি সংগ্রহ করে ছোট গোল্লা ও কৃষ্ণনগর গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গত শনিবার সকালে তিনি বাড়ি থেকে সবজি বিক্রির উদ্দেশ্যে বের হন। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়লে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন (রবিবার) সকালে উপজেলার মহব্বতপুর গ্রামের বৃন্দাবনের একটি আবাদি জমির পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন : ইলা মিত্রের স্মরণে নাচোলে তিন দিনব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু


