বলিউডের বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে অজয় দেবগণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির দ্বিতীয় রোববারে ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে ছবিটি। একই সঙ্গে এটি হয়ে উঠেছে অজয় দেবগণের অভিনয়জীবনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। রহস্য, উত্তেজনা ও অভিনয়ের সমন্বয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
বক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির দশম দিনে ভারতে ১৪ হাজার ৮৭২টি শো থেকে ২২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ছবিটি। স্যাকনিল্কের তথ্য অনুসারে, এর ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করেছে ছবিটি। দশম দিনে বিদেশের বাজার থেকে এসেছে ৬ কোটি রুপি। এতে বিদেশে মোট গ্রস আয় বেড়ে দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি।
ভারত ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ এখন ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি। এই সাফল্যের মধ্য দিয়ে অজয় দেবগণের ক্যারিয়ারে নতুন মাইলফলক যুক্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা চতুর্থ হিন্দি ছবি ‘দৃশ্যম ৩’। এর আগে ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ ও ‘হনুমান অংশ’ এই মাইলফলক অর্জন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অজয় দেবগণের দীর্ঘ অভিনয়জীবনে এটি বিশেষ অর্জন। এর আগে তাঁর অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। তবে ‘দৃশ্যম ৩’-এর ব্যবসা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। ফলে বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ছবিটি অভিনেতার ক্যারিয়ারে নতুন উচ্চতা তৈরি করেছে।
ছবিটির সাফল্যের পেছনে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সমালোচকেরা। রহস্যনির্ভর গল্পের টানটান উত্তেজনা এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দর্শকদের আকৃষ্ট করেছে।
এনডিটিভির জন্য লেখা পর্যালোচনায় চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি অজয় দেবগণের অভিনয়ের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। তাঁর মন্তব্যের সারকথা হলো, অজয়ের অভিনয় দেখতে সিনেমা হলে যাওয়া এবং জয়দীপের অভিনয়ের জন্য ছবিটি উপভোগ করা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।
অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিও ও স্টার স্টুডিও। ছবিটি ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি। তবে আগের পর্বগুলোর ধারাবাহিকতা থাকলেও নতুন ছবিটির গল্প সম্পূর্ণ মৌলিক এবং মালয়ালম সংস্করণের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছবিটিতে অজয় দেবগণের পাশাপাশি অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
২০১৫ সালের ৩১ জুলাই মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। সেখান থেকে শুরু হওয়া রহস্য ও পারিবারিক আবেগের গল্প ধীরে ধীরে বলিউডের জনপ্রিয় সিরিজগুলোর একটিতে পরিণত হয়েছে। প্রতিটি পর্বেই দর্শকদের কৌতূহল ধরে রাখার চেষ্টা করেছে নির্মাতারা।
বিশ্বব্যাপী প্রায় ৪৮০ কোটি রুপি গ্রস আয় নিয়ে ‘দৃশ্যম ৩’ ইতিমধ্যে বড় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। অজয় দেবগণের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এর অবস্থানও বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন ছবিটির আয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই দেখার বিষয়। বক্স অফিসে বর্তমান গতি ধরে রাখতে পারলে সিনেমাটি আরও নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পড়ুন:অভিনেত্রী নাসিমা খান আর নেই
ইমি/


