ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে বহুতকুল খেয়াঘাট ও দক্ষিণ খড়ারচড় এলাকায় দুটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে সেতু দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন। এর আগে খড়ারচড় এলাকার ফকিরবাড়ি সেতুর উদ্বোধন করেন তিনি।
সেতু দুটির নির্মাণকাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ লাঘব এবং যাতায়াতব্যবস্থার উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দক্ষিণ খড়ারচড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম এবং রোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
রোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, বিএনপি সরকার দ্রুতগতিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধামরাইয়ের সর্বত্র উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় পর্যায়ে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের যাতায়াত সহজ করা এবং অবকাঠামোগত অগ্রগতির অংশ হিসেবে সেতু নির্মাণের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্মাণকাজ সম্পন্ন হলে বহুতকুল খেয়াঘাট ও দক্ষিণ খড়ারচড় এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পড়ুন : ট্রেনের এক টিকেট নকল বানিয়ে ১০ জনের কাছে করতেন বিক্রি


