রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।যার বাজার মূল্যে ৯০ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) বিকেলের দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটককৃত ব্যক্তিরা হলেন- যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীপাড়ার মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারীর মো. মালেক মোড়লের ছেলে চালকের সহকারী মো. আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা থেকে যশোরগামী ঢাকা-মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাকে তল্লাশি চালানো হয়।তিনি আরও বলেন, তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালকের পেছনে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রমজান আলীকে মূল মাদক কারবারি হিসেবে শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সামছুল হক, পাংশা সার্কেলের কর্মকর্তা রাকিবুর রহমান, জেলা ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম প্রমুখ।
পড়ুন : পূর্বধলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আরও ১ আসামি গ্রেপ্তার


