আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার ধামরাইয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ধামরাই থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা।
এ ছাড়া ধামরাই উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রদীপ কুমার মজুমদার এবং যুগ্ম আহ্বায়ক শ্রী জগদীশ চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন বলেন, পূজা যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতৃবৃন্দ সজাগ থাকবেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদ্যাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপে আগত নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি যেকোনো গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতির বক্তব্যে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পুলিশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠপর্যায়ে আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোতে নারী আনসার সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদ্যাপন করতে পারেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে কটূক্তির ঘটনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার
সা/


