জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক নেতৃত্বে আসছে পরিবর্তন। কমিটি পুনর্গঠনের মাধ্যমে দলের চার পরিচিত নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দলের শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন হচ্ছে না। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনই দায়িত্বে থাকছেন।
দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) অথবা বুধবার (১৪ অক্টোবর) পুনর্গঠিত কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। কমিটির বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে নেতাদের দক্ষতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ। গত জাতীয় নির্বাচন এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁদের ভূমিকার বিষয়টি বিবেচনায় রেখেই এই দায়িত্ব বণ্টন করা হচ্ছে বলে জানিয়েছে এনসিপির দলীয় সূত্র।
কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’
২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। শুরু থেকেই দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। হাসনাত আবদুল্লাহ দায়িত্বে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে, আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে ছিলেন সারজিস আলম।
অন্যদিকে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে কারণে দলের প্রতিষ্ঠাকালীন পর্যায়ে তিনি এনসিপিতে যুক্ত হতে পারেননি। প্রায় ১০ মাস পর ২০২৫ সালের ২৯ ডিসেম্বর দলটিতে যোগ দেন তিনি। পরে তাঁকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতেও রাজনৈতিক পর্ষদ দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে থাকবে। বর্তমানে এই পর্ষদের সদস্য সংখ্যা ১৬। আহ্বায়ক ও সদস্য সচিব পদাধিকারবলে পর্ষদের সদস্য। তাঁদের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গুরুত্বপূর্ণ পদে থাকছেন।
রাজনৈতিক পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। তাঁরা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।
বর্তমান সংসদে এনসিপির আটজন সদস্য রয়েছেন। তাঁরা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান, হান্নান মাসউদ, মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম। তাঁদের মধ্যে মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনের সদস্য।
দলীয় সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবদের নির্দিষ্ট সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম এবং দলের বিভিন্ন সেলের কাজ তদারকির দায়িত্বও তাঁদের ওপর থাকবে। নতুন এই বিন্যাসের মধ্য দিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।
পড়ুন: স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
আর/


