এলপিজি সিলিন্ডার নিয়ে ধর্মঘট করলে কঠোর ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জ্বালানি খাতে বিশ্বব্যাপী সংকটের মধ্যে সরকার ভোক্তাদের জন্য মূল্য সহনীয় রাখার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।

এলপিজি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আগামী ১৫ ও ১৬ অক্টোবর, বৃহস্পতিবার ও শুক্রবার, সারা দেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন। ব্যবসায়ীদের অভিযোগ, তাঁদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোসহ বিভিন্ন দাবি উপেক্ষিত হচ্ছে।

বিশ্বজুড়ে জ্বালানি খাতের সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আজ বিশ্বে এ জ্বালানি খাতটা সাংঘাতিক একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আজকের যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি সংকট চলছে এবং প্রাইসের কোনো ঠিকঠিকানা নেই। প্রাইস ওঠানামা করতেছে, সবসময় পড়ছে।

জ্বালানি সরবরাহের উৎস নিয়েও উদ্বেগের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এখন সোর্স একমাত্র আমেরিকায় বাকি আছে, তাছাড়া কোনো সোর্স ঠিক নেই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে, যেন ভোক্তা পর্যায়ে, সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায়, সে সম্বন্ধে আলোচনা করছি।

এ পরিস্থিতিতে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ এই ধর্মঘট করার চেষ্টা করে, এসেন্সিয়াল এই (পণ্য) নিয়ে, আমাদের ১৯৫৬ সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব। কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না। এটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের আস্থা নিয়ে আমরা সরকারে এসেছি, আমাদের দায়িত্ব দিয়েছে। জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।’

ধর্মঘটের বদলে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।’

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ নিয়েও কথা বলেন জ্বালানিমন্ত্রী। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেজন্যই তো আমরা বসেছি। আমরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করছি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন