শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ২৩৫টি পূজামণ্ডপে জি আর চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সব পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ধামরাই উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এবং জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, আমাদের সরকার সব সময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগের সরকারের আমলে পূজামণ্ডপ প্রতি ৫০০ কেজি করে জি আর চাল বরাদ্দ দেওয়া হতো। আমাদের বিএনপি সরকার তা বাড়িয়ে ৬০০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আগামীতে আপনাদের আরও বেশি সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, ধর্মীয় উৎসব উদ্যাপনে সম্প্রীতি বজায় রাখা এবং সবার সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
পড়ুন : আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি
সা/


