নজরুলের দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, কাজী নজরুল ইসলামের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নজরুলের সাহিত্য ও দর্শন তরুণদের অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহম্মদপুর উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, নজরুল কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, স্বাধীনতা ও মুক্তির কবি। তাঁর সৃষ্টিকর্মে অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ যেমন রয়েছে, তেমনি রয়েছে মানুষের প্রতি গভীর ভালোবাসা ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। তাই নজরুলচর্চাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও বিস্তৃত করার পাশাপাশি শিক্ষার্থীদের তাঁর জীবন ও দর্শনের সঙ্গে পরিচিত করে তুলতে হবে।

তিনি বলেন, নজরুল বর্ষ উদ্‌যাপনের মূল উদ্দেশ্য শুধু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন নয়; নজরুলের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করা। তাঁর সাম্য ও মানবতার দর্শন নতুন প্রজন্মের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এ দেশের সংস্কৃতি বহুত্ববাদী ও বৈচিত্র্যময়। পাহাড় ও সমতলের মেলবন্ধনে গড়ে ওঠা বাংলাদেশে ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করছে। বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের ঐক্য ও শক্তি নিহিত। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সব জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে একসঙ্গে বসবাস করে আসছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাজী সালিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ রাশিদা খাতুন। আলোচনায় অংশ নেন নড়াইলের আহাদ আলী কলেজের অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।

সেমিনারে নজরুলের জীবন, সাহিত্য, মানবতা, সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরগ মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন