যশোরের বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আব্দুস সাত্তার নামে এক বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আব্দুস সাত্তার জানান, দীর্ঘ ২৮ বছর ধরে তিনি সার ও কীটনাশকের ব্যবসার সাথে যুক্ত এবং ৬ নম্বর খলশী ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দোহাকুলা ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য তার প্রতিষ্ঠান ‘মেসার্স ইরা ট্রেডার্স’-এর নামে নিয়ম অনুযায়ী আবেদন করলেও তাকে ডিলারশিপ দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, সরকারি বিধিমালা ও নীতিমালা উপেক্ষা করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সাবেক এমপির গাড়িচালকের ভাইকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, বৈধতা যাচাই এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে দোহাকুলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন হোসেন, ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি ঈমান ফরাজী, ওয়ার্ড বিএনপির সদস্য নূর জালাল আজাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়ুন : শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলো কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ


