সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা আশা করেছিলাম, একটা জনগণের সরকার পাব। এমন সরকার পাব, যারা আমাদের বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলার সমস্যার সমাধান করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বাজারে গিয়ে একটা সবজি কিনে খাব, সেই সবজির দামও ৮০-৯০ টাকার নিচে নেই।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় রুমিন ফারহানা বলেন, “আমাদের দুর্ভাগ্য, এমন সরকার আমরা পেলাম, যাদের নামই হয়ে গেল ‘টুকু নাই, টুকু নাই’। এত বলি, টুকু কই? টুকু তো আর আসে না। আজকে মিটিংয়ে আইসা ও টের পাইলেন, টুকু মাঝে মধ্যে টুক করে আসে বটে, কিন্তু টুকু আমাদের ঘরে থাকে না।”
তিনি বলেন, “আমাদের গ্যাসের সমস্যা এমন পর্যায়ে গেছে যে, বাড়ির লাইনে তো গ্যাস নাই। ১ হাজার ৮০০ টাকার সিলিন্ডারের দাম দফায় দফায় বাড়তে বাড়তে এখন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।”
কর্মসংস্থান প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছয় মাসের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও সেই পরিকল্পনার প্রভাবে ঢাকার শহরের হকার ও অটোরিকশাচালকদের বাড়িতে বসে থাকতে হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “ওই পরিকল্পনার ধাক্কায় গাজীপুর, আশুলিয়া ও সাভারে কয়টি কারখানা বন্ধ হয়ে গেছে, খবর নেন। ওই পরিকল্পনার ধাক্কায় আমার কত শ্রমিক ভাই চাকরি হারিয়েছেন, একটু খবর নেন।”
এ সময় বর্তমানে আলোচিত সারের ডিলারশিপ প্রসঙ্গে তিনি বলেন, তাঁর কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ দেওয়ার প্রয়োজন নেই। একইভাবে রাস্তার ঠিকাদারিও তাঁর কোনো আত্মীয়কে দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় পাকশিমুল ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : ভারতে আন্দোলন : অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ


