জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলী নামে এক ওয়ার্ড বিএনপি সভাপতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মেলান্দহ উপজেলার ফুলকোচা এলাকা থেকে হোসেন আলীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হোসেন আলী উপজেলার ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার হযরত আলীর ছেলে। তিনি ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ডিবি-১-এর ইনচার্জ মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, হোসেন আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতারা। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম বলেন, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। তাঁর বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রস্তুত হচ্ছে। আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেব।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পড়ুন : দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১


