দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাও দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে তখনই, যখন মানুষ এই উৎসবের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করবে। যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। এই শিক্ষা গ্রহণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কথা তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।
আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন এবং পূজারি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন : চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ


