কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটুয়ারটেক সৈকত সংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির ফায়ার লাইসেন্স ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও তৌসিফ মাহবুব।
গত শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা দুই ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা পরবর্তী তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, রিসোর্টটির ফায়ার সার্ভিস কিংবা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কোনো ধরনের অনুমোদনই ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিপূর্বে সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও ন্যূনতম কোনো সুরক্ষাব্যবস্থা নিশ্চিত না করেই এটি বছরের পর বছর পরিচালনা করা হচ্ছিল।
অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা ছাড়া এভাবে রিসোর্ট চালানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কিভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’
অন্যদিকে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। হৃদয়বিদারক ঘটনাটি নিয়ে ফেসবুকে এক পোস্টে তৌসিফ লেখেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’
শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও চরম উদ্বেগ ও শোক প্রকাশ করছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর পরই আইনি ব্যবস্থা হিসেবে রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আটক ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে।
পড়ুন : প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে নেয়া হচ্ছে কার্যকর উদ্যোগ…
সা/


