নাটোরে তিনমাস ব্যাপী ‘ট্রি গার্ডিয়ান’ কর্মসূচিতে ১০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ সম্পন্ন

নাটোরে ১০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তিন মাসব্যাপী ‘ট্রি গার্ডিয়ান’ কর্মসূচি। গত ২০ আগস্ট নাটোরের মরিয়ম স্কুল মাঠে সমাপনী পর্বের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সহযোগী আয়োজক হিসেবে ছিল পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও)।

বিজ্ঞাপন

গত ৬ জুন নাটোরের প্রত্যয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচির উদ্বোধন হয়। এরপর ২০ আগস্ট পর্যন্ত মোট দশটি পর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও জনবহুল এলাকায় চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে ১০ জুন বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ জুন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ১৮ জুন বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, ২৭ জুলাই শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ১৩ আগস্ট বনবেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৬ আগস্ট গ্রীন একাডেমী উচ্চ বিদ্যালয় এবং সবশেষ ২০ আগস্ট মরিয়ম স্কুলে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়া নির্ধারিত পর্বের বাইরেও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নাটোর শহর ও শহরতলীর বিভিন্ন পাড়া-মহল্লা এবং গ্রামীণ জনপদে চারা পৌঁছে দেন।

আয়োজকরা জানান, ‘ট্রি গার্ডিয়ান’ ধারণার মূল লক্ষ্য রোপণ-পরবর্তী পরিচর্যা নিশ্চিত করা। কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে চারা হস্তান্তরের সময় সংশ্লিষ্ট গাছের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে গাছে পানি দেওয়া, আগাছা পরিষ্কার ও গবাদিপশু থেকে চারা রক্ষার কাজ করে। পাশাপাশি প্রতিটি স্কুল পর্বে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচির উল্লেখযোগ্য পর্ব ছিল ২৭ জুলাই শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, রিকশাচালক ও দিনমজুরদের মাঝে বিনামূল্যে প্রায় দুই হাজার চারা বিতরণ। এ সময় প্রান্তিক শ্রমজীবী মানুষদের ‘জলবায়ুযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

উক্ত কার্যক্রম সম্পর্কে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, পরিবেশের চিরচেনা রূপ ফিরিয়ে আনতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ুসচেতন করে তুলতেই আমাদের ট্রি গার্ডিয়ান উদ্যোগ। শিক্ষার্থীদের হাত ধরেই আমরা একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে চাই। একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়া মানে শুধু চারা রোপণ নয়; এর মানে একজন ভবিষ্যৎ নাগরিকের হৃদয়ে প্রকৃতির বীজ বপন করা।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে থাকা ফাউন্ডেশনের উপদেষ্টা মো. জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, সঠিক দিকনির্দেশনা আর সামান্য সহায়তা পেলে সাধারণ মানুষও পরিবেশ রক্ষায় অসাধারণ ভূমিকা রাখতে পারে, নাটোরের মানুষ সেটা প্রমাণ করেছে। গাছ লাগানো মানেই ভবিষ্যতের জন্য বিনিয়োগ। সকলের অংশগ্রহণের মাধ্যমেই সফলভাবে কার্যক্রমটি সম্পন্ন হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর ধরে দেশের বহু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, যার প্রভাব পড়ে নাটোরেও। জাতিসংঘ ঘোষিত ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক ও প্যারিস জলবায়ু চুক্তির আলোকে প্রকৃতিভিত্তিক সমাধানের অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে দেশীয় প্রজাতির গাছকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রোপণ-পরবর্তী পরিচর্যা নিশ্চিত করতে ফাউন্ডেশন একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে। এর আওতায় ‘ট্রি গার্ডিয়ান’দের নিয়মিত খোঁজখবর রাখা, বিদ্যালয়ভিত্তিক ত্রৈমাসিক পর্যবেক্ষণ এবং বছর শেষে ‘সেরা ট্রি গার্ডিয়ান’ পুরস্কার প্রদান করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষা, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, সমাজকল্যাণ ও দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু ও যুব ক্ষমতায়নেও সংগঠনটির কার্যক্রম রয়েছে।

পড়ুন:রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন