গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা ঝুট কাপড়, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৫টা ২৭ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকার বঘিয়াপাড়ায় সরকারবাড়ী মসজিদসংলগ্ন একটি টিনশেড ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৮টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রায় ১০০ ফুট বাই ৭৫ ফুট আয়তনের গোডাউনটিতে বিভিন্ন ধরনের ঝুট কাপড়, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ছিল। অগ্নিকাণ্ডে এসব মালামালের একটি অংশ পুড়ে যায়।
এ বিষয় কোনাবাড়ী মডার্ণ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
পড়ুন : আজ দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
সা/


