সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো, ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) ও তাঁর মেয়ে কিরণমালা (১৩)।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে রাম প্রসাদ হালদার ও তাঁর মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।
পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পথে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।
ওসি আরও জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন : কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেপ্তার


