সেদিকুল্লাহ অতলের দুর্দান্ত সেঞ্চুরি ও ইব্রাহিম জাদরানের ঝলমলে ইনিংসে ভর করে জিম্বাবুয়েকে ২৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। ইনিংসের শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন আফগান ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রানের দারুণ ইনিংস খেলেন সেদিকুল্লাহ। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের ভিত পায় আফগানরা।
সেদিকুল্লাহর পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইব্রাহিম জাদরানও। আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান করেন তিনি। দুজনের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় রহমত শাহর দল। তবে শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় থেমে যায় আফগানিস্তানের রানের চাকা। শেষ বলে জিয়াউর রহমান রানআউট হলে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৪ রানেই থামে তাদের ইনিংস।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ব্র্যাড ইভান্স ও মাসুকু। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। এ ছাড়া ব্লেসিং মুজারাবানি শিকার করেছেন দুটি উইকেট। ফাইনালে ওঠার লড়াইয়ে জিততে হলে এবার ৫০ ওভারে ২৯৫ রান করতে হবে জিম্বাবুয়েকে।
টস জিতে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে। পাওয়ার প্লে’র ১০ ওভারে রান রেট ৬ এর নিচে নামতে দেয়নি। যদিও ১টি উইকেট হারিয়েছে তারা। ১০ ওভার শেষে আফগানিস্তানের রান ১ উইকেটে ৬০।
অষ্টম ওভারে সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ। পেসার মাসুকুর বল উইকেটে টেনে বোল্ড হন গুরবাজ। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৫ রান করে সাজঘরের পথ ধরেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান সেদিকুল্লাহ অতল।
হ্যামিলটন মাসাকাদজার বল লং অনে পাঠিয়ে ১ রান নিলেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। ওই রানে ব্যক্তিগত পঞ্চাশ রান ছুঁয়ে ফেললেন ইব্রাহিম। আন্তর্জাতিক ক্রিকেটে তার ১১তম ফিফটি।
তার ফিফটির রানে আফগানিস্তানের দলীয় রানও একশ ছুঁয়েছে। দারুণ ব্যাটিংয়ে ১৫.৩ ওভারেই আফগানিস্তানের রান তিন অঙ্ক ছুঁয়েছে। টস জিতে ব্যাটিং করতে নেমে বেশ ভালো ব্যাটিং করছে ত্রিদেশীয় সিরিজের আয়োজকরা। একই সঙ্গে দ্বিতীয় উইকেটে সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরানের জুটির রান পঞ্চাশ পেরিয়েছে।
১৬ ওভার শেষে আফগানিস্তানের রান ১ উইকেটে ১০৩। ইব্রাহিম ৫১ ও সেদিকুল্লাহ ২০ রানে ব্যাটিং করছেন।
পড়ুন : নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন নাহিদা আক্তার


