ঢাকার ধামরাইয়ে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ধামরাই শাখার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে সোমবার (১৯ অক্টোবর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আবদুল আউয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, মহাগ্রন্থ আল-কোরআন মানবজাতির সার্বিক কল্যাণের জন্য সঠিক পথনির্দেশনা প্রদান করে। কোরআনের হাফেজরা সমাজের আলোকিত পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে সঠিক দ্বীনি শিক্ষা ও কোরআনের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম। তিনি কোরআনে হাফেজ শিশু ও তরুণদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এমন সুন্দর ধর্মীয় আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় ধামরাইয়ের বিভিন্ন মাদরাসা থেকে আগত ক্বারী ও হাফেজ শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের ধামরাই শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
পরে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি ও তরুণ প্রজন্মের সুশিক্ষা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পড়ুন:নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০
ইমি/


