শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন বিজিবি অধিনায়ক। তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির সঙ্গে কথা বলে সার্বিক খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
৫৫ বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের কাজ চলছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে একটি, মোট ৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা দিচ্ছে বিজিবি সদস্যরা। সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত দায়িত্বও পালন করছেন তারা।
এদিকে, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযান চালিয়ে ২৫ জন আসামিসহ ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করেছে ৫৫ বিজিবি। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন এবং সীমান্ত এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় বিজিবি।
পড়ুন : সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
সা/


