অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী হলেও আলুর বাজারে দেখা দিয়েছে উল্টো চিত্র। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। অথচ উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও শ্রমিকের খরচ মিলিয়ে প্রতি কেজি আলুতে কৃষকের ব্যয় হচ্ছে প্রায় ২৫ টাকা। হিমাগার গেটে সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ১১ থেকে ১৬ টাকায়। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের আলুচাষি ও মজুদ ব্যবসায়ীরা। লোকসানের আশঙ্কায় অনেক কৃষক হিমাগার থেকে আলু তোলাও বন্ধ রেখেছেন।

বিজ্ঞাপন

কৃষকদের আশঙ্কা, বর্তমান বাজারদর অব্যাহত থাকলে উৎপাদন খরচের বড় অংশই তুলতে পারবেন না তাঁরা। কেউ কেউ গত বছরের লোকসান সামলে উঠতে না পেরে এবারও আর্থিক সংকটে পড়েছেন। অন্যদিকে, কৃষক আলু উত্তোলন না করায় হিমাগার মালিকদেরও পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকি বাড়ছে।

রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বকশি রঘুবাজার এলাকার কৃষক ভুপাল চন্দ্র রায় নগরীর দুটি হিমাগারে ৫০০ বস্তা আলু সংরক্ষণ করেছেন। বর্তমানে রংপুরে হিমাগার গেটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১১ থেকে ১৪ টাকায়। এই দামে আলু বিক্রি করলে প্রতি কেজিতে সাড়ে ১৫ থেকে ১৬ টাকা পর্যন্ত লোকসান হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ কারণে আপাতত আলু উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছেন এই কৃষক। তাঁর আশঙ্কা, সামনে দাম বাড়ার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। ফলে হিমাগারে আলু রেখে শেষ পর্যন্ত কীভাবে খরচ তুলবেন, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

একই পরিস্থিতিতে পড়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের কৃষক আতাউর রহমান। এবার ৪৯ বিঘা জমিতে আলু চাষ করে ৬১ কেজির ৫ হাজার ২০০ বস্তা আলু হিমাগারে রেখেছেন তিনি। এর মধ্যে ৩ হাজার ১৪২ বস্তা বিক্রি করে পেয়েছেন ১৪ লাখ ৬৮ হাজার টাকা। কিছুদিন আগে প্রায় ২৫০ বস্তা আলু কেজিপ্রতি ১৫ টাকা দরে বিক্রি করেন। হিমাগার থেকে আলু তোলাসহ অন্যান্য খরচ কেজিতে প্রায় ৭ টাকা হওয়ায় অবশিষ্ট আলু বিক্রি করে কতটা লোকসান কমানো যাবে, তা নিয়ে সংশয়ে আছেন তিনি।

আতাউর রহমান বলেন, ‘লাভ দূরের কথা, উৎপাদন খরচই কতটা তুলতে পারব সেটিই ভাবছি। গত বছর ৬৯ বিঘা জমিতে আলু আবাদে প্রায় ৫৭ লাখ টাকা খরচ হয়েছিল। সেই টাকাই তুলতে পারিনি। এখন পথে বসার অবস্থা।’

কৃষি বিপণন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর দেশে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টন। সরকারি-বেসরকারি ৪০২টি হিমাগার ও ৭০৩টি অ-হিমায়িত মডেল ঘরে সংরক্ষণ করা হয়েছে ৩৩ লাখ ৯০ হাজার ৫৭ টন আলু, যা মোট উৎপাদনের ২৮ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ২৪ লাখ ৪৪ হাজার ১৪৮ টন খাবার আলু এবং ৯ লাখ ৪৫ হাজার ৯১০ টন বীজ আলু।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের হিসাবে, এবার তাদের হিমাগারগুলোতে ৩৩ লাখ টনের বেশি আলু সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে এখনো ১৫ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। গত বছরও কম দামের কারণে কৃষকেরা হিমাগার থেকে প্রায় দুই লাখ টন আলু উত্তোলন করেননি।

অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের গড় ব্যয় প্রায় ১৬ টাকা। মুন্সিগঞ্জসহ অন্যান্য এলাকায় এই ব্যয় প্রায় ১৯ টাকা। এর সঙ্গে হিমাগার ভাড়া, বস্তা, পরিবহন ও শ্রমিকের খরচ যুক্ত হলে বাজারজাত পর্যন্ত ব্যয় দাঁড়ায় প্রায় ২৫ টাকা।

রংপুরের বিভিন্ন হিমাগারে আলুর দাম কম থাকায় কৃষকের পাশাপাশি হিমাগার মালিকরাও সমস্যায় পড়েছেন। বদরগঞ্জের শাহজালাল ও গঙ্গাচড়ার এমএনটি হিমাগারের ব্যবস্থাপক সুভাস মুখার্জি জানান, গত দুই দিন ধরে হিমাগার গেটে প্রকারভেদে প্রতি কেজি আলু ১১ থেকে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, পীরগাছার একটি হিমাগারে গত বছর কৃষকেরা সময়মতো আলু না তোলায় কর্তৃপক্ষকে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু কম দামে বিক্রি করতে হয়েছিল। এতে ২৫ থেকে ৩০ লাখ টাকা লোকসান হয়।

রাজশাহীতেও একই অবস্থা। সেখানে হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সাড়ে ১৪ থেকে সাড়ে ১৬ টাকায়। অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে কৃষকের ব্যয় কেজিপ্রতি প্রায় ২৫ টাকা। বগুড়ার হিমাগারগুলোতেও এখনো দুই লাখ টনের বেশি খাবার ও বীজ আলু মজুদ রয়েছে। উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন খরচের তুলনায় দাম কম হওয়ায় লোকসান গুনছেন কৃষক ও ব্যবসায়ীরা।

মুন্সিগঞ্জেও আলুর বাজারে স্বস্তি নেই। কৃষকদের হিসাবে, উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ ও পরিবহন পর্যন্ত প্রতি কেজিতে মোট ব্যয় হচ্ছে ২৬ থেকে ২৭ টাকা। অথচ পাইকারিতে আলু বিক্রি হচ্ছে প্রায় ১৩ টাকায়। এতে কেজিতে ১৩ থেকে ১৪ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।

আলুর দাম কমে যাওয়ায় হিমাগার থেকে আলু উত্তোলন কমেছে। এতে একদিকে কৃষকের আর্থিক ক্ষতি বাড়ছে, অন্যদিকে হিমাগার মালিকদের আয় কমার পাশাপাশি বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু কৃষকদের ভর্তুকি দেওয়া এবং প্রয়োজনে সরকারিভাবে আলু কেনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমের মতে, কৃষকদের ক্ষতি কমাতে হিমাগার ভাড়ার ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া এবং মূল্য সহায়তা কার্যক্রম চালু করা যেতে পারে। এতে কৃষকের লোকসান কমবে এবং ভবিষ্যতে আলু চাষে তাঁদের আগ্রহ বজায় থাকবে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলে বাজারে দাম কমে যায়। সরকার পণ্যভিত্তিক চাহিদা নির্ধারণ এবং অঞ্চলভিত্তিক উৎপাদন পরিকল্পনা নিয়ে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বাজারের চাহিদা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, উৎপাদন বেশি হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় টানা দুই বছর আলুচাষিরা আর্থিক সংকটে পড়েছেন। কৃষকদের লোকসান কমাতে বাজার ব্যবস্থাপনা, সরকারি মূল্য সহায়তা এবং আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

পড়ুন:পূজার ছুটির প্রথম দিনে স্বর্ণ বিক্রি হচ্ছে যত টাকায়

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন