নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হওয়ার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া নামে দুই টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে। পরে তাদের সাথে সদর থেকে আরো ইউনিট যোগ দেন।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমারা আসার আগেই এ ঘটনায় দগ্ধ দুই টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা বলেন, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিলের মালিক ইকবাল হোসেন নিজের টেকনিশিয়ানদের ডেবে নিয়ে সেটি মেরামতের করানো চেষ্টা করেন। এ সময় বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হন বলে দাবি তাঁদের। আহত ব্যক্তিদের মধ্যে টেকনিশিয়ান ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া বেশি দগ্ধ হয়েছেন।
আগুনে দগ্ধ প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ জানান, বিকেল পাঁচটার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে তিনি পাশের মিল থেকে আগুন নেভানোর কাজে এগিয়ে যান। এ সময় সেখানে মিলের মালিক ইকবাল হোসেনও ছিলেন। আগুনের লেলিহান শিখায় তিনিও আহত হন বলে জানান রাজু।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় রাজনৈতিক নেতারা ও ব্যবসায়ীরা। এ সময় নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিলমালিকদের সচেতন করার চেষ্টা করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না। মাধবদী শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদও দূষণে ভরপুর। অথচ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে এ নদীর পানিই ব্যবহার করতে হচ্ছে। মাধবদী শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পড়ুন : খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরীর স্রোতে ভেসে গেল সিফাত


