শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং পূজা উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আয়োজকদের আর্থিক সহায়তা প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে ওয়াহেদুজ্জামান বিশ্বাস তোহা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই আমাদের বড় প্রত্যাশা। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সবার মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।’
এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি ইলিয়াস হোসাইন সাব্বির, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রবিন হাসান খাজা, উদাখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাজু মণ্ডল, উদাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাজমুল ইসলাম নয়ন, আব্দুর রশিদ মধু, মৎস্যজীবী দলের নেতা জাহাঙ্গীর আলম এবং যুবদল নেতা মহির উদ্দিন প্রমুখ।
পড়ুন : কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু


