রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেক সড়কে অবরোধ চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় সাজেকে বেড়াতে যাওয়া অন্তত ৩ হাজার পর্যটক আটকা পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’ যৌথভাবে তৃতীয় দফায় সড়ক অবরোধের ঘোষণা দেয়। এর পর বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলনকারীরা উজোবাজার এলাকায় সাজেক সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী ও সশস্ত্র ব্যক্তিরা বাধা দিলে প্রথমে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
অবরোধের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গোলাগুলির ঘটনায় সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ পরিস্থিতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পড়ুন: ফের সোনার দামে পতন, ভরিতে কমল ১ হাজার ৬৯১ টাকা
আর/


