জাতীয় নিরাপদ সড়ক দিবসে মাধবদীতে র‍্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নরসিংদীর মাধবদীতে র‍্যালি, সমাবেশ ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী সদর উপজেলা ও মাধবদী থানা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি মাধবদী এসপি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাধবদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ডের ট্রাফিক বক্সের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

নিসচা নরসিংদী সদর উপজেলা ও মাধবদী থানা শাখার নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত সমাবেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান।

নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি আরাফাত রহমান, নিসচা মাধবদী থানা শাখার সভাপতি মোস্তাকিম হোসেন, সহসভাপতি কাজী মেহবুব ইয়াসিন সৃজন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সহসাধারণ সম্পাদক মাফুজুর রহমান কালাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন গুলো একটু অসচেতনতায় কেড়ে নিতে পারে যাত্রীদের মূল্যবান প্রাণ, একটি পরিবারকে ঠেলে দিতে পারে অনিশ্চয়তার মধ্যে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহন চালক সহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। চালকদের নির্ধারিত গতিসীমা অনুসরণ, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা এবং ট্রাফিক সংকেত মেনে চলতে হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও সড়ক পারাপারে সতর্ক থাকতে হবে। সম্মিলিত সচেতনতা ও আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা ঘটলে আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও জরুরি সেবায় খবর দিতে হবে। দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে যেন নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

নিসচা নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে চালক, মালিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব রয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে নিসচা নিয়মিতভাবে জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।

নিসচা নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার অধিকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে প্রথমে নিজেকে সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, অসতর্কভাবে সড়ক পারাপার ও ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই শুধু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাধবদীর সড়কগুলোকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

নিসচা মাধবদী থানা শাখার সভাপতি মোস্তাকিম হোসেন বলেন, মাধবদী একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকা। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে। তাই যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। চালকদের পাশাপাশি পথচারীদেরও নিয়ম মেনে চলতে হবে।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পড়ুন: সমমনা ৭ দল নিয়ে নতুন ইসলামী জোট ঘোষণা

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন