নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রাজিবের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ধর্মগঞ্জ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ধর্মগঞ্জ আমতলা প্রেম রোড থেকে শুরু হয়ে মুন্সিবাড়ি, ঢালিপাড়া হয়ে মুসলিমনগর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নারীরা অভিযুক্ত রাজিবের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া নারীদের অভিযোগ, রাজিব অতীতে আওয়ামী লীগ নেতা মীর সোহেল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, দখলদারত্বসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে দাবি করেন তারা।
তাদের আরও অভিযোগ, ৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে যুক্ত হন রাজিব। এরপর নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে আগের মতোই অপকর্ম ও এলাকাবাসীর ওপর নির্যাতন চালাতে থাকেন তিনি।
মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, “আমরা তার অত্যাচার থেকে মুক্তি চাই। যে মেয়েটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে, সে এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা রাজিবের ফাঁসি চাই।”
তারা অভিযুক্ত রাজিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পড়ুন : সরকারি জায়গায় যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা


