গাজীপুরের শ্রীপুর থানার প্রধান ফটকের সামনে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আটজন নেতা-কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার(২৩ অক্টোবর) জুমার নামাজের শেষ মুহূর্তে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মাসুদ রানা, জয়, সতেজ, মো. মোমেন, জুনাইদ, মো. আতিকুল ইসলাম ও আরিফ হোসেন। তাঁরা যুবলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁদের বাড়ি শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের সময় কয়েকজন যুবক পৌর শহরের থানার সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন। পরে বিএনপির নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টার সময় বিএনপির নেতাকর্মীরা আটজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
যুবলীগের মিছিলের খবরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ মিছিলের চেষ্টা করে। এ সময় আটজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : সরকারি জায়গায় যুবদল নেতার ব্যবসাপ্রতিষ্ঠান, বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা


