কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলের পার্কিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলায় এই আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও পার্কিংয়ে থাকা জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার সাথে সাথেই তাঁরা সবাই নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, “আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে কেউ হতাহত হননি।”
হোটেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, “আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, পর্যটকেরা নিরাপদে আছেন।”
গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে ‘টুপটুপ’ রিসোর্টে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনার ঠিক এক সপ্তাহের মাথায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আরেকটি আবাসিক হোটেলে এ আগুন লাগার ঘটনা ঘটল।
পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
সা/


